শিশুসহ দু’জনকে ধর্ষণের দায়ে চার আসামির যাবজ্জীবন
আদালত প্রতিবেদক : অপহরণের পর ১০ বছরের শিশুসহ দুইজনকে ধর্ষণের দায়ে আদালত ৪ আসামির যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছেন। যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা করে ও বাকি দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেয়া হয়। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম গতকাল এ-রায় দেন।দন্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, আগ্রাবাদ সিডিএ বলির পাড়া মাহাবুব কলোনির আবদুল হকের পুত্র মাসুদ রানা প্রকাশ রানা, মকবুল হোসেনের পুত্র মোশারফ হোসেন সুমন, আবু তাহেরের পুত্র আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রুবেল ও বাচ্চু মিয়ার পুত্র ওমর ফারুক প্রকাশ বাবু। যাবজ্জীবন ছাড়াও মাসুদ রানা ও মোশারফ হোসেন সোহেলকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামি ছিদ্দিক ও বাবুকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় স্থানীয় স্কুল ছাত্রী মিকাত (১০) (ছদ্মনাম) ও নাজিয়া বলিপাড়া লোহার ব্রিজের সামনে পৌঁছলে আসামিরা এদের অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। এ-ঘটনায় ভিকটিম শিশুর পিতা বাদি হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করার পর আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চার্জ গঠিত হয়। ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত উপরিউক্ত রায় ঘোষণা দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করে ট্রাইব্যুনাল পিপি এম এ নাসের চৌধুরী ও বাদি নিযুক্ত মো. ইদ্রিছ।
| < Prev | Next > |
|---|



