রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১২
কক্সবাজারে ট্রাফিক
সপ্তাহ ২০১২ শুরু
‘একজন সুনাগরিক সর্বদা ট্রাফিক আইন মেনে চলেন’ এই শ্লোগান নিয়ে গতকাল রোববার থেকে কক্সবাজারে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০১২। যানজট ও দুর্ঘটনামুক্ত শহর গড়তে জনগণকে সচেতন করতে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে নেয়া ৬ দিনের এই কার্যক্রমে সহযোগিতা করছে পুলিশ রিফর্ম প্রোগ্রাম, ঢাকা এবং চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। রোববার সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।বাজারঘাট আইবিপি মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালিটি শেষ হয়। কক্সবাজরের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এর নেতৃত্বে র্যালিতে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার ফিরোজ সালাউদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. একেএম আহামদ হোসেন, পৌর মেয়র রাজবিহারী দাস, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার এবং বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, যানবাহন মালিক, শ্রমিক, হোটেল মোটেল মালিক, কমিউনিটি পুলিশ ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের বিপুল অংশ নেন। র্যালিপূর্ব সমাবেশে বক্তারা ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানযট নিরসনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এ উপলক্ষে কমিউনিটি পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সপ্তাহের অন্যান্য দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মোটর গাড়ির ড্রাইভার, টমটম ও রিক্শা ড্রাইভারদের, ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান, বাস ট্রার্মিনাল, সমুদ্র সৈকত, জনসমাগমপূর্ণ স্থান এবং বাসযাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, গাড়ির হেড লাইটে কালি লেপন এবং ‘কক্সবাজারে কেমন ট্রাফিক চাই’ শীর্ষক সেমিনার এবং ট্রাফিক আইন সংক্রান্ত ধারণা প্রদান। এছাড়া এ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে পুরো সপ্তাহ জুড়ে সচেতনতামূলক মাইকিং এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
| < Prev | Next > |
|---|



