জনপ্রতিনিধিদের নিয়ে জঙ্গিবাদ দমনে সচেতন হতে হবে : অলি

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম-১৩ আসনের সাংসদ আলহাজ্ব ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি সহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও জন প্রতিনিধিদের নিয়ে প্রতিটি এলাকায় সমাবেশ করে জঙ্গিবাদ দমনে সচেতন করতে হবে।
সে সাথে প্রতিটি মসজিদে ঈমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গিবাদ নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অলি আহমদ বলেন,কেউ একাকীভাবে উন্নয়নের কাজ সম্পন্ন করতে পারেনা। তাই সম্মিলিতভাবে উন্নয়নমূলক কর্মকান্ডগুলো পরিচালিত করার আহবান জানান। দেশ ও দশের কল্যাণের জন্য তিনি সব সময় কাজ করেছেন। আগামীতেও করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রতিদিন সকালে একঘন্টা এবং বিকালে একঘন্টা বিদ্যুতের লোডশেডিং করতে পারবে। এ ব্যাপারে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর ঘোষিত দুই ঘন্টার বাইরে লোডশেডিং না করার আহবান জানান। কারণ বর্তমান আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া এলাকার সকল কর্মকান্ডগুলো স্থবির হয়ে পড়বে।গতকাল ৬ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জববার চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আয়ুব কুতুবী, চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাশেম, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মোস্তফা খালেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ, সমাজসেবা অফিসার মো. সফি উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হায়দার ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুপ্রভা চাকমা প্রমুখ। পরে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে এ সভায় চন্দনাইশের ৯ ইউনিয়নের মধ্যে মাত্র দুইজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলে জানা যায়। সমন্বয় সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে দশজন দুঃস্থ মহিলার মাঝে দশটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
| < Prev | Next > |
|---|



