‘শেখ হাসিনাকে পৃথিবী থেকে মাইনাসের ষড়যন্ত্র চলছে’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৃথিবী থেকে শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, মনে রাখতে হবে শেখ হাসিনা শেষ হয়ে গেলে দেশ আবার একাত্তরের ঘাতকদের দখলে চলে যাবে। মানুষের শান্তি থাকবে না। তাই যে কোন মূল্যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। নাসিম গতকাল শুক্রবার বিকালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৪ জেলায় বোমা হামলার স্মরণে দিনটিকে জঙ্গী-সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালনের অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ প্রতিবাদ সভার আয়োজন করে। -বাসস ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী ও শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ।বর্তমান সরকারের সফলতা তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন বলে এবার রমজান মাসে এক মিনিটের জন্যও লোডশেডিং হয়নি। মাত্র তিন বছরের মধ্যে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়। বড় কোন ভুল বর্তমান সরকার করেনি। বিদ্যুৎ সমস্যার সমাধানের কারণে বাংলার জনগণ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে।যে কোন মূল্যে পদ্মা সেতু বাস্তবায়নের দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলন কিংবা আন্দোলন মোকাবেলা নয়, ঈদের পর আমরা নির্বাচনী কাজে নামবো।জাহাঙ্গীর কবির নানক বলেন, চারদলীয় জোট সরকারের আমলে তারেক রহমান ও আইএসআইয়ের অর্থায়নে এবং সরকারী পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছিল। খালেদা জিয়া সে দিন দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। সন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল।তিনি বলেন, সে দিন মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে রক্তাক্ত আফগানিস্তান বানাতে বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাভাই ও শায়খ আব্দুর রহমানদের সৃষ্টি করেছিল।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়ার হুঙ্কারে আওয়ামী লীগ কখনো ভয় পায় না। ঈদের পরে নাকি কঠিন আন্দোলন করবেন। এমন হুঙ্কার তিনি বহুবার দিয়েছেন। আমাদের কাজ হলো আন্দোলন সংগ্রাম করে রাজপথে টিকে থাকা।
| < Prev | Next > |
|---|



