শনিবার, ১৮ অগাষ্ট ২০১২
বেতনের দাবিতে হামজারবাগে
গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক : নগরীর হামজারবাগ এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফোর স্টার গার্মেন্টসের শ্রমিকরা চট্টগ্রাম-হাটহাজারী সড়কের হামজারবাগ অংশে অবরোধ করে বিক্ষোভ করেন। আধা ঘণ্টার অবরোধের পর নগরীর পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সড়ক অবরোধের কারণে হাটহাজারী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। পুলিশ জানান, নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার ফোর স্টার গার্মেন্টসের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মালিকের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার সকাল ১০টার মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। এরপর শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।