শনিবার, ১৮ অগাষ্ট ২০১২
ভারতে অবৈধভাবে বাস করছে
৮৩ হাজার বাংলাদেশি : মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস : গত তিন বছরে ২৩ হাজার ৬ শ’ ৫৩ জন বাংলাদেশিকে অবৈধভাবে বসবাসের কারণে ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ভারতের লোকসভায় এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রণীত কাউর। এ খবর দিয়েছে দেশটির সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো। ভারতে এখনও ৮৩ হাজার ৪ শ’ ৮৪ জন বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে বলেও জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব বাংলাদেশিরা নিজেদের ‘শরণার্থী’ বলে দাবি করে, জানান মন্ত্রী।
তথ্য মতে, অবৈধভাবে ভারতে অবস্থানের কারণে ২০০৯ সালে ১০৬০২ জন, ১০ সালে ৬২৯০ জন এবং ১১ সালে ৬৭৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ২০১২ সালেও বেশ কিছু বাংলাশিকে ফেরত পাঠানো হয়েছে; কিন্তু সর্বশেষ এই তালিকাটি চূড়ান্ত করা হয়নি। দেশটির ১৯৪৬ সালের অভিবাসন আইনের ধারা ৩(২) গ অনুযায়ী তাদেরকে (বাংলাদেশি) আটক ও ভারত থেকে বিতড়ান করা হয়েছে বলেও জানানো হয়। ফেরত পাঠানো অধিকাংশ বাংলাদেশিকে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করা হয় বলেও জানায় ভারত।