শনিবার, ১১ অগাষ্ট ২০১২
চীনকে হটিয়ে আবারো শীর্ষে যুক্তরাষ্ট্র ডাইভিংয়ে রাউলিনের দ্বিতীয় স্বর্ণ
বিভাস দত্ত : অলিম্পিক পদক তালিকায় চীনকে হটিয়ে আবারো শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯০টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ৩৯টি স্বর্ণ, ২৫টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক রয়েছে। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চীনের দখলে ছিল ৩৭টি স্বর্ণ, ২৫টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ ৮১টি পদক। ৫৫টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক গ্রেট বৃটেন। তাদের দখলে ছিলো ২৫টি স্বর্ণ ও ১৫টি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক। দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে রাশিয়া।
তারা ১৩টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জসহ জিতেছে ৫৮টি পদক। পঞ্চম স্থানে অবনমন হওয়া দক্ষিণ কোরিয়ার দখলে ছিলো ১২টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ ২৫টি পদক। ডাইভিংয়ে রাউলিনের দ্বিতীয় স্বর্ণ: অলিম্পিক ডাইভিংয়ে মেয়েদের ১০ মিটার প্ল্যাটফর্মে স্বর্ণ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের রাউলিন চেন। অলিম্পিকে এটি তার চতুর্থ স্বর্ণ। ৪২২.৩০ স্কোর করে স্বর্ণ জেতার পর চেন এখন উঠে এসেছেন স্বদেশী কিংবদন্তি ফু মিংজিয়া, যুক্তরাষ্ট্রের ডরোথি পয়ন্টন-হিল ও প্যাট ম্যাকক্রমিকের পাশে। এরা প্রত্যেকেই টানা দুই অলিম্পিকে এ ইভেন্টে স্বর্ণ জিতেছেন। চার বছর আগে বেইজিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ও সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্মে স্বর্ণ জেতা রওলিন লন্ডনে এসেছিলেন একটি স্বর্ণ জেতার লক্ষ্য নিয়ে। সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্মে জিতে সেই লক্ষ্য পূরণ হয়েছে আগেই। এবার নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। চীনা ডাইভারদের মধ্যে তিনি ছাড়া কেবল ফু মিংজিয়া, গয়ো জিংজিং ও ওয়ো মিনজিয়ারই চারটি করে অলিম্পিক স্বর্ণ রয়ছে। ৩৬৬.৫০ স্কোর করে অস্ট্রেলিয়ার ব্রিটানি ব্রোবেন রূপা ও ৩৫৯.২০ স্কোর করে মালয়েশিয়ার রিনং পান্ডেলেলা পামগ ব্রোঞ্জ জিতেছেন এই ইভেন্টে।কুস্তিতে রাশিয়া ও জাপানের সোনা: অলিম্পিকে কুস্তির দুটি স্বর্ণ ভাগাভাগি করে নিয়েছে রাশিয়া ও জাপান। মহিলাদের ৭২ কেজি ওজন শ্রেণী ফ্রিস্টাইলে বুলগেরিয়ার রিস্টোভা স্ট্যানকাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন রাশিয়ার নাতালিয়া ভারোবিয়েভা। ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন রিস্টোভার অলিম্পিক ভাগ্য খুব একটা ভালো নয়। গত বেইজিং অলিম্পিকেও রৌপ্য পদক জেতেন তিনি। এর আগে এথেন্সে প্রথম অলিম্পিকে হন দ্বাদশ। অন্যদিকে অর্থনীতির ছাত্রী নাটালিয়া প্রথম বড় কোনো আসরে অংশ নিয়েই জিতলেন স্বর্ণ। তার এই সাফল্যের সুবাদে পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে রাশিয়া। মহিলাদের ৫৫ কেজি ফ্রিস্টাইলে কানাডার টনিয়া লিন ভারবেককে হারিয়ে স্বর্ণ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের ইয়োশিদা সাওরি। এর আগে বেইজিং ও এথেন্স অলিম্পিকেও এ ইভেন্টে স্বর্ণ জেতেন ইয়োশিদা। আট বছর আগে এথেন্স অলিম্পিকে টনিয়াকে হারিয়েই প্রথম স্বর্ণ জেতেন ব্যাক্তিগত জীবনে নিরাপত্তা কর্মী ইয়োশিদা। কুস্তি তার রক্তেই মিশে আছে, বাবা ছিলেন জাতীয় পর্যায়ে স্বর্ণ জয়ী মল্লযোদ্ধা। লন্ডনে এসেছিলেন তৃতীয় স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে। এবার স্বর্ণ না জিতলে তার সব অর্জন মিথ্যে হয়ে যেত বলে মনে করেন তিনি। হকির ফাইনালে জার্মানি-হল্যান্ড: অলিম্পিকে পুরুষ হকির ফাইনালে উঠেছে জার্মানি ও নেদারল্যান্ডস। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জার্মানি ও স্বাগতিক যুক্তরাজ্যকে ৯-২ গোলে উড়িয়ে দিয়ে হল্যান্ড ফাইনালে উঠেছে। আর অলিম্পিকে চারবারের স্বর্ণ জয়ী জার্মানি যেন অস্ট্রেলিয়ার কাছে নয়া দিল্লিতে ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিল। প্রথম সেমিফাইনালে দুবার এগিয়ে গিয়েও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে গেছে অলিম্পিকের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। চারবারের অলিম্পিক স্বর্ণ জয়ী অস্ট্রেলিয়ার পক্ষে গ্রোভার্স ও টার্নার গোল দুটি করেন। অন্যদিকে দুবারের বিশ্বকাপ জয়ী জার্মানির পক্ষে উইথাস, ফুয়েরস্টে, ওয়েস্ট ও ফুচস একটি করে গোল করেন।দ্বিতীয় সেমিফাইনালে ৩ বারের অলিম্পিক স্বর্ণ জয়ী যুক্তরাজ্যের পক্ষে গোল দুটি করেন জ্যাকসন ও মোর। অন্যদিকে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও চারবারের অলিম্পিক স্বর্ণ জয়ী নেদারল্যান্ডসের পক্ষে বেকার ৩টি, ওয়েস্টহফ ২টি এভার্স ও অ্যন ডার ওয়েরডিন একটি করে গোল করেন।