শনিবার, ১১ অগাষ্ট ২০১২
বহুল আলোচিত সেই
এসআইকে খুলনায় বদলি
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত সমালোচিত ডবলমুরিং থানার এসআই শাহিনূর মিয়াকে বদলি করা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে তাঁকে খুলনা রেঞ্জে বদলির আদেশ দেয়া হয়েছে। তার বদলির খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। পুলিশ হেড কোয়ার্টারের ডিআইজি (প্রশাসন ও অপারেশন) স্বাক্ষরিত এক আদেশে (নিয়োগ/১৭২-২০১২/৪৩২৮) বলা হয়েছে, এসআই শাহিনূর মিয়া ১১ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে,
যোগদানের নিমিত্তে ছাড়পত্র গ্রহন করবে অন্যথায় ১২ আগস্ট হতে স্ট্যান্ড রিলিজ হয়েছে বলে গন্য হবে। সিএমপি কমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে। অভিযোগে জানা যায়, শাহিনূর মিয়া দীর্ঘদিন ধরে ডবলমুরিং থানায় চাকুরী করার সুবাধে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। মাদক ব্যবসা, নিরীহ লোকজনকে থানায় ধরে এনে নির্যাতন করা বা টাকা নিয়ে ছেড়ে দেয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেড কোয়ার্টারসহ বিভিন্ন দপ্তরে এসব অভিযোগ দেয়া হয়। এর আগেও তাকে কয়েক দফা বদলি করা হলেও তিনি তা বাতিল করতে সক্ষম হন। এবার সরাসরি হেড কোয়ার্টার থেকেই তাকে বদলি করা হল। এবারও তিনি এ আদেশ বাতিলের চেষ্টা করছেন বলে জানা গেছে।