টেলিটকের দামপাড়া অফিস থেকে লক্ষাধিক টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন কোম্পানি টেলিটকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। নগরীর দামপাড়া এম এম আলী সড়কের ইদ্রিস সেন্টারের দ্বিতীয় তলার টেলিটকের কার্যালয় থেকে মঙ্গলবার রাতের কোনো এক সময় এ চুরি হয়েছে বলে পুলিশের ধারণা। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, টেলিটকের কর্মকর্তারা বুধবার সকালে চট্টগ্রামে কার্যালয়ে চুরির বিষয়ে পুলিশে খবর দেয়।
টেলিটকের মার্কেটিং ও কাস্টমার কেয়ারের প্রধান অফিসের উপ-ব্যবস্থাপক জাকারিয়া আহমেদ বলেন, অফিসের শার্টারের তালা ভাঙার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, ৩টি ড্রয়ার পুরো এলোমেলো। এতে রাখা ১ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা নেই। তবে অফিসে কয়েক কোটি টাকার মোবাইল কার্ড, সিম কার্ড, ২টি ল্যাপটপ এবং ২টি মোবাইল সেট থাকলেও সেগুলো অক্ষত রয়েছে বলে জানান তিনি।জাকারিয়া আহমেদ বলেন, কার্যালয়ের বাইরের শাটার ভাঙার পাশাপাশি ভেতরে কয়েকটি কক্ষের লকার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এছাড়া কার্যালয়ের ভেতরের নিরাপত্তা সংশ্লিষ্ট দরজার লকারও ভেঙে ফেলা হয়েছে। পুলিশ কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তা চাওয়া হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার এসআই নূর ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। টেলিটক অফিস যদি মামলা করে তবে মামলা নেওয়া হবে।
| < Prev | Next > |
|---|



