সোমবার, ০৬ অগাষ্ট ২০১২
‘দুর্নীতিমুক্ত’ বিএনপি গড়তে
আখতারুজ্জামান আবারও মাঠে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস: বিএনপি থেকে নির্বাচিত সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান জানিয়েছেন ‘দুর্নীতিমুক্ত’ বিএনপি গড়তে তিনি নতুন করে মাঠে নেমেছেন। তাঁর সঙ্গে বিএনপির অনেক পরিশুদ্ধ নেতারা রয়েছেন বলে জানান তিনি। মেজর আখতারুজ্জামান দাবি করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার নতুন দল গড়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে, আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন,
এ ধরনের কোনও আলোচনা আখতারুজ্জামানের সঙ্গে হয়েছে বলে তাদের জানা নেই। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন স্বপন বলেন, ‘‘আওয়ামী লীগ এ ধরণের অাঁতাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ রাজনৈতিক দলের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী।’’আখতারুজ্জামান জানান, তার সঙ্গে বিএনপি’র অনেক ‘ক্লিন ইমেজে’র নেতারা রয়েছে এবং তিনিসহ এরা সবাই ‘নির্বাচনের পক্ষে’। তিনি বলেন, নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিএনপি ও সমমনা দলগুলোর কিছু অংশের নেতারা আগামী জানুয়ারিতে নতুন একাট জোটের আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন। এ সম্পর্কে আখতারুজ্জামান বলেন, তার লক্ষ্য হচ্ছে বিএনপিতে অবহেলিত ও বঞ্চিতদের নিয়ে একটি জোট করা। উদ্দেশ্য, দুর্নীতিমুক্ত বিএনপি। তিনি জানান, এ ব্যাপারে তার সঙ্গে সরকারি দলের আলোচনা হয়েছে। আখতারুজ্জামান বলেন, ‘‘অতীতে যারা দুর্নীতিতে জড়িত ছিলেন না এমন লোকদের নিয়ে বিএনপির মূল নেতৃত্বে পরিবর্তন আনতে চাই। দলে শুদ্ধি অভিযানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নতুন প্রজন্ম এবং ত্যাগী নেতাকর্মীদের নিয়ে বিএনপিকে দুর্নীতিমুক্ত করতে চাই।’’ ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আমরা নির্বাচনের পক্ষে। নির্বাচন তো কারো জন্য থেমে থাকবে না। ক্ষমতায় তো কেউ না কেউ থাকবে। তবে জনগনের কি লাভ হচ্ছে তারা কি পাচ্ছে জিনিসপত্রের দাম বাড়লে কোন আপত্তি নেই। কারণ এতে কৃষকের উন্নতি হয়। তবে ক্রেতাদের আয় বাড়াতে হবে।’’ তিনি দাবি করেন, আগামী এক বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা সংলাপ চাই। তিনি তার সঙ্গে থাকা নেতাদের নাম প্রকাশ না করে বলেন, সাবেক ও বর্তমান এমপিসহ তরুণ নেতাকর্মীদের অনেকেই আছেন। তবে এ মুহুর্তে তারা সামনে আসবে না। ‘এ প্রক্রিয়ায় তার সঙ্গে ব্যরিস্টার নাজমুল হুদা নেই’ বলেও জানান আখতারুজ্জামান।