চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২০ জুন ১৩ । ৬ আষাঢ়  ১৪২০ বঙ্গাব্দ । ১০ শাবান  ১৪৩৪ হিজরি। Thursday, 20 June 2013

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

চাঁদাবাজদের সাথে সমঝোতা না করায় ভুয়া বউ’র মামলা

মোস্তফা মোহাম্মদ এমরান, আদালত প্রতিবেদক : আইনজীবী, সাংবাদিক, শিক্ষক পেশাজীবীরাই নয়, ভুয়া কাবিননামা উপস্থাপন করে ভাড়াটে মহিলার মামলা থেকে বাদ যাচ্ছে না সাধারণ দোকানিও। এলাকাভিত্তিক নীরব চাঁদাবাজদের সাথে সমঝোতায় না এসে এরকম মামলায় হয়রানির শিকার হয়েছেন এক মুদি দোকানদার। কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় শহীদ এনএমজে কলেজ রোডে শুঁটকি ও বিবিধ (মুদির দোকান) ব্যবসা করেন জিহান এন্টারপ্রাইজের মালিক আজগর হোসাইন।

চলতি বছর ১১ এপ্রিল নুরজাহান বেগম (২৮) নামের এক মহিলা আজগরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারার অভিযোগ এনে মামলা দায়ের করেন। বাদির জবানবন্দী গ্রহণের পর আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তার হয়ে আদালত থেকে আজগর জামিন লাভ করেন। আজগরের বরাত দিয়ে তাঁর আইনজীবী অতিরিক্ত জেলা পিপি দিনমনি দে পূর্বকোণকে বলেন, গত বছর ২৯ নভেম্বর আজগর স্থানীয় চিহ্নিত ৬ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজগরের কাছে ১ লাখ টাকা চাঁদা না পেয়ে তাঁকে দোকানে ঢুকে চাঁদাবাজরা প্রকাশ্যে প্রহার করে। এরপর ক্যাশ বাক্স থেকে সব টাকা ছিনিয়ে নিয়ে যায়। আজগর ওই যুবকদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার পর আদালত সংশ্লিষ্ট থানাকে অভিযোগ বিষয়ে তদন্ত রিপোর্ট তলব করে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এডভোকেট দিনমনি দে বলেন, ‘আজগরের গ্রামের বাড়ি আমাদের উপজেলায়। বাঁশখালী মনকিরচর বাজারের কাহার ঘোনা এলাকায় তাদের বাড়ি। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি। আজগর বলেছে, তাঁর কোন শত্রু নেই। শত্রু বলতে ওই চাঁদাবাজ চক্র ছাড়া আর কারো দিকে সন্দেহের তীর যায় না। আজগর মনে করেন, কোন ভাড়াটে মহিলাকে স্ত্রী সাজিয়ে তার বিরুদ্ধে ওই যৌতুকের মামলা দায়ের করা হয়েছে।’আদালতে নুরজাহান বিয়ের কাবিননামার ফটোকপি দাখিল করেন। দাখিলকৃত কাবিননামা মতে ২০০৯ সালের ২২ নভেম্বর বিয়ে রেজিস্ট্রি হয়। কাবিননামার উপরে দেয়া কাজী অফিসের সিলেও অসঙ্গতি চোখে পড়ে, সিলে উপরে লেখা রয়েছে কলাম নং-০৯৮, বালাম নং- ১০১৮, রেজিস্ট্রেশন নং-১, তারিখ- ২২/১১/২০০৯, এর নিচে লেখা আছে, যৌতুক দেওয়া ও নেওয়া ‘আইনানুগ গত’ অপরাধ। আরো অসঙ্গতি দেখা যায় কাবিননামার সত্যায়িত অনুলিপি যে কাজী অফিস ইস্যু করেছে, তা মিরসরাই থানার জোরালগঞ্জ, সিলে আরো লেখা রয়েছে, নিকাহ তালাক ও রেজিস্ট্রার কাজি মো. ইকবাল, জোরালগঞ্জ, মিরসরাই চট্টগ্রাম। তারিখ ২/১০/২০১১। কাবিননামার ১ নম্বর দফার ওয়ার্ড, শহর, ইউনিয়ন, তহশীল, থানা এবং জেলার নাম ‘যেখানে বিবাহকার্য নিষ্পন্ন হইয়াছে’ কলামে বিবাহ অনুষ্ঠানের স্থান দেখানো হয়েছে, ১ নম্বর শীলছড়ি, থানা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটি। এ ব্যাপারে কয়েকজন আইনজীবী একই রকম বক্তব্যে বলেন,  বিয়ে যদি রাঙ্গামাটি জেলার শীলছড়ি ইউনিয়নে হয়ে থাকে তাহলে সেখানকার কাজী বিয়ে রেজিস্ট্রি করবেন। সে ক্ষেত্রে কাবিননামার সার্টিফাইড কপিও সংশ্লিষ্ট কাজী অফিস ইস্যু করবে। কিন্তু আজগরের বিয়ে শীলছড়ি ইউনিয়নে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ থাকলেও কাবিননামার সার্টিফাইড কপি ইস্যু করেছে মিরসরাই উপজেলার জোরালগঞ্জ ইউনিয়ন কাজী অফিস থেকে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় কাবিননামাটি ভুয়া। তাছাড়া মিরসরাই উপজেলায় ‘জোরালগঞ্জ ইউনিয়ন’ নামের কোন ইউনিয়ন নেই। ‘জোরারগঞ্জ’ নামে একটি ইউনিয়ন রয়েছে। জোরারগঞ্জ ইউনিয়নের কাজী অফিসের জাল সিল তৈরির সময় জোরারগঞ্জকে জোরালগঞ্জ লেখা হয়েছে। জোরারগঞ্জ ইউনিয়নের কাজী কাবিননামার সার্টিফাইড কপি বা অনুলিপি ইস্যু করে থাকলে তিনি সেখানে জোরালগঞ্জ লিখতেন না। জোরারগঞ্জ ইউনিয়ন কাজী অফিসের কয়েকটি আসল কাবিননামা পর্যবেক্ষণ করে দেখা গেছে জোরারগঞ্জ লেখা, জোরালগঞ্জ কোন আসল কাবিননামায় উল্লেখ নেই। এদিকে, আজগর ২০০৮ সালের ১৪ মার্চ বাঁশখালী গুনাগরীর আবদুর রশিদের মেয়ে মোছাম্মৎ ডালিম আক্তার চৌধুরী মুন্নিকে বিয়ে করে দাম্পত্য জীবন অতিবাহিত করে আসছেন। চলতি বছর ১১ এপ্রিল যৌতুক দাবির অভিযোগে ভুয়া কাবিননামা দাখিল করে আদালতে মামলা দায়ের করেন বাকলিয়া রাহাত্তারপুল বড় কবরস্থান এলাকার জনৈক আহমদ শরীফের মেয়ে নুর জাহান বেগম (২৮)।  মামলায় উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২২ নভেম্বর আসামির সাথে বাদির বিয়ে হওয়ার পর তারা সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করে আসছে। চলতি বছর ৫ এপ্রিল রাত ৯ টার সময় বাকলিয়া থানা এলাকার বাদির বসত ঘরে এক লাখ টাকা যৌতুকের দাবিতে বাদিকে প্রহার করে। বাদির চুলের মুঠি ধরে বেদম মারধর করে। টাকা না দিলে বাদিকে তালাক প্রদানের হুমকি প্রদান করা হয়। মামলায় আরো উল্লেখ করা হয়, বিয়ের পর বাদির গর্ভে ও আসামির ঔরসে এক পুত্র সন্তান আসে। বর্তমানে উক্ত সন্তান মৃত্যুবরণ করে। মামলার আরজির প্রতি পৃষ্ঠায় স্বাক্ষরে বাদির নাম লেখা হয় নুর জাহান, নিচের লাইনে লিখা হয়েছে পারভীন। নিচের লাইনে স্বাক্ষরিত পারভীন নামটি এক টানে কেটে দেয়া হয়েছে। প্রতি পৃষ্ঠায় দুই লাইনে দুটি করে নাম লেখা হয়। প্রতিটি পৃষ্ঠায় পারভীন নামটি এক টানে কেটে দেয়া হয়। আসামির আইনজীবীর ধারণা পারভীন নামের কোনো মেয়েকে দিয়ে ওই মামলা করা হয়েছে। নুর জাহান ছদ্মনামের ওই মহিলা ভুল করে প্রতি পৃষ্ঠায় তাঁর আসল নামটি লিখে দেন।এদিকে মো. আজগর হোসেন (৩২) গত বছর নভেম্বরে ৬ আসামির বিরুদ্ধে আদালতে চাঁদা দাবি ও ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করেন। আদালত অভিযোগের তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বাকলিয়া থানাকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। পরে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হয়ে প্রতিবেদন দাখিল করার জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। আদালত তদন্তের সময় বর্ধিত করেন। বাকলিয়া থানার এসআই আনচারুল করিম গত বছর ১৭ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় দন্ডবিধির ১৪৩/৩২৩/৩৮৫/৩৮০  ও ৩৪ ধারায় ৫ আসামির বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বিচারের আবেদন জানানো হয়। প্রতিবেদনে ৫ নম্বর আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে আপাতত মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার প্রার্থনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাদি আজগর কর্ণফুলী নতুন ব্রিজের পাশে কলেজ রোডে শুঁটকি ও মুদির দোকানের ব্যবসা করেন। আসামিরা স্থানীয় বেকার যুবক। গত বছর ২৪ নভেম্বর রাতে বাদির কাছে এক লাখ টাকা চাঁদা না পেয়ে বাদিকে শার্টের কলার ধরে দোকান থেকে বের করে দেয়। বাদির গালে প্রকাশ্যে থাপ্পর মেরে চেয়ার দিয়ে প্রহার করে ক্যাশ বাক্স থেকে টাকা  চুরি করে। এসময় বাদির ভাই বাদিকে রক্ষার জন্য এগিয়ে এলে তাকেও প্রহার করে আসামিরা। আসামিরা দীর্ঘদিন থেকে বাদির কাছে চাঁদা দাবি করে আসছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।আজগর দাবি করেন, চাঁদাবাজি মামলার আসামিরা ভাড়াটে মহিলা দিয়ে জাল কাবিননামা তৈরি করে আজগরের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেছে। মামলা দায়েরকারী নুরজাহান বেগমকে তিনি কখনোই দেখেননি এবং উক্ত নুরজাহানও  তাকে চিনবে না ।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড