চট্টগ্রাম, সোমবার,২০ মে ১৩ । ৬ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৯ রজব ১৪৩৪ হিজরি। Monday,20 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

শুধু পোশাক নয়, বাড়ির অন্দর সাজের এবং নিত্য ব্যবহারের
হরেক রকম পণ্য, কারুকাজে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য

ঈদের পূর্ণাঙ্গ সমাহার আড়ংয়ে


খোরশেদুল আলম শামীম : প্রতি বছর ঈদ ও পার্বনে ফ্যাশন সচেতন মানুষের মুখে উচ্চারিত হয় ‘আড়ং’। দীর্ঘ দুই যুগের গৌরবময় ঐতিহ্য নিয়ে দেশীয় এই প্রতিষ্ঠানটি এবারের ঈদেও শৈল্পিক ও নান্দনিক সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে ক্রেতাদের নজর কাড়ছে। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী পুরুষ ও মহিলার নানা রঙ ও নকশার পোশাকের সমাহার চট্টগ্রামের আড়ংয়ের দু্’টি আউটলেটে। শুধু পোশাক নয়, বাড়ির অন্দর সাজের এবং নিত্য ব্যবহারের হরেক রকম পণ্যে আড়ংয়ের কারুকাজ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তুলেছে। সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আড়ংয়ের আউটলেটগুলো খোলা থাকে। রমজান শুরু থেকে জমে ওঠছে ঈদের কেনাকাটা। তাই বর্তমানে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। প্রতিদিন ক্রেতাদের ভিড় বাড়তে থাকায় দু’একদিন পর থেকে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে আড়ং কর্তৃপক্ষ। গতকাল নগরীর ষোলশহর বিমান অফিসের দ্বিতীয় তলায় এবং আগ্রাবাদ এক্সেস রোড আড়ংয়ের আউটলেট দু’টি ঘুরে দেখা যায় কেনাকাটার হালচাল। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ সাজে ডিসপ্লে করা হয়েছে নানা পণ্য। লাল, সাদা, নীল, হলুদ, অফ হোয়াইট, সাদা, এ্যাশের মতো হালকা জমিনে মেরুন, লাল, সবুজ, নীল, ব্রাউন বিভিন্ন উজ্জল রঙের ব্যবহার করা হয়েছে শিশু-কিশোর এবং সকল বয়সী পুরুষ ও মহিলার পোশাকে। শাড়ি, পাঞ্জাবিসহ অন্যান্য পোশাকের কাপড়গুলো সুতি, খাদি, এন্ডি, হাফ সিল্ক, সিল্ক, সিল্ক এন্ডি, জয় সিল্ক, সুতি এন্ডি, টিস্যু, জুট কটন, গাদোয়াল, টাঙ্গাইল, জামদানি ও কাতান। মেয়েদের প্যান্ট, টপস, থ্রিপিচ, সালোয়ার কামিজ, শট ও লং কামিজ, ফতুয়া, স্লিপলেস জামা, শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শার্টের পাশাপাশি শিশু কিশোরদের নানা ডিজাইনের এক্সক্লুসিভ কাপড়। বিশেষ আয়োজনে রয়েছে বাবা-ছেলের যুগল পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনে তৈরি মাটি, সোনা, রূপা, তামা ও বিভিন্ন ধাতুর নানা রকম বাহারি বিডসে তৈরি অলঙ্কারও পাওয়া যাচ্ছে। শিশুদের ঈদ পোশাক করা হয়েছে বেশ রঙিন। পোশাকের নকশা ও কাজ করা হয়েছে শিশুদের ত্বক আর আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিয়ে। শিশুদের প্রতিটি কাপড়ে উৎসবের ছাপ। কাপড়ের ডিজাইনে প্রাধান্য পেয়েছে লাল, নীল, সবুজসহ  ফেস্টিভ নানা কালার। বুননের ধরনের মধ্যে রয়েছে প্রিন্ট, ব্লক, এপলিক, এমব্রয়ডারি, স্প্রে, বুটিক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট ও হাতের নানা কাজ। ক্রেতাদের নজর কাড়ার মূল বৈশিষ্ট্য দেশি তাঁতের কাপড়ে দেশীয় আমেজে স্বতন্ত্র ফ্যাশন ও ডিজাইন এবং নান্দনিক রঙ ও নকশা। কিছু কিছু শাড়িতে রয়েছে একাধিক কাপড়ের সংমিশ্রণ। যেমন এন্ডি ও সিল্ক কিংবা মসলিন ও এন্ডি। পুরো শাড়ি দুটি বা তিনটি অংশে বিভক্ত। কুঁচি অংশ হয়তো সিল্ক আবার আঁচল এন্ডি। কোনোটির বডিতে আবার মসলিন। শাড়িতে এই সংমিশ্রণ এবারের ঈদের অন্যতম আকর্ষণ। কিছু শাড়ি ও সেলোয়ার কামিজে হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি ও কারচুপি, এপলিক, ব্লক, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারির সঙ্গে পুঁতি, স্টোন, শাড়ির আঁচলে ঝালর ও টার্সেল এবং লং কামিজের নিচে লেইজ দিয়ে গর্জিয়াস লুক আনা হয়েছে। সিল্ক ও মসলিন শাড়িতে নানা উজ্জ্বল রঙ ব্যবহার করে কাটওয়ার্কের কাজ করা হয়েছে হয়েছে। এন্ডি ও তসরের সঙ্গে কুরুশের অাঁচল। টপসের কাটিংয়েও এসেছে পরিবর্তন। গলা, পাইপিং ও নেটিংথ সব কিছুতেই রয়েছে বৈচিত্র আর যত্নের ছাপ। রঙ আর ফেব্রিক্স সময় ও উৎসব উপযোগী। ঈদে নিজে সেজে ওঠার পাশাপাশি বাড়ির অন্দরে রং ছড়াতে এনেছে বাহারি বেড শিট, বেড কভার, পর্দা, কুশন, পিলো কভারসহ সম্পূর্ণ রুম সেট। যারা ঘরে হালকা রঙ পছন্দ করেন তাদের জন্যও রয়েছে সাদা কালোয় এক্সক্লুসিভ রুম সেট। ঈদ আয়োজনে আরো বিশেষত্বের জন্যে বেডরুম, লিভিংরুম, কিচেন ছাড়াও অফিস, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, রিটেল আউটলেট ইন্টেরিয়র ডিজাইনে থিম বেইজ নান্দনিকতা ও নতুনের ছোঁয়া এনে দিতে অনন্য পণ্যের সমাহার ঘটানো হয়েছে। বিশ্ব দরবারে স্বতন্ত্র মহিমায় সমুজ্জল অভিজাত তাঁতবস্ত্র এ জামদানি। এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এ দেশের সংস্কৃতি ও কৃষ্টি। অনন্য মসলিন শাড়ির সংস্করণ আধুনিক জামদানি শাড়ি। নারীর সৌন্দর্য সুধাকে বিমোহিত করে তুলতে জামদানির অপরিহার্যতা বিশেষ স্মরণীয়। আড়ংয়ে ফুলতেরছি, ছিটার তেরছি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙ্গা, তেরছি, ডালম তেরছি, পার্টির জাল, পান তেরছি, গোলাপ ফুল,  জুই ফুল, পোনা ফুল, শাপলা ফুল, গুটি ফুল, মদন পাইরসহ বিভিন্ন নামের জামদানি রয়েছে। এগুলোর মধ্যে ছিটার জাল, সুই জাল ও পার্টির জাল জামদানির মূল্য সবচেয়ে বেশি। এছাড়া বাঙালি ঐতিহ্যের ঢং ও আদলে থালা, বাটি, ওয়াল মেট, নাক্সি কাঁথা, শো-পিস, বিভিন্ন বই, শিশুদের খেলনা, বিশুদ্ধ ঘি, মধু, দুধ ও প্রসাধনী এবং থান কাপড়, লুঙ্গি, জুতো-স্যান্ডেল, পুরুষ ও মহিলাদের ব্যাগ, নার্সারির বিভিন্ন গাছ ও বনসাই এবং বিভিন্ন চামড়ার সামগ্রীসহ মানুষের ঘর, সংসার ও জীবন সাজানোর নানা পণ্য নিয়ে আড়ং ঈদের উপলক্ষে পসরা সাজিয়েছে। তবে দামের ক্ষেত্রে ক্রেতাদের মধ্যে নানা মত। ডিসপ্লেতে রাখা পণ্যের গায়ে দাম উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায় শিশু-কিশোরদের পোশাকের দাম ৪০০ টাকা থেকে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত। যুবক-যুবতী ও পুুরুষ-মহিলাদের পোশাকের দাম ৬০০ টাকা থেকে প্রায় প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন শাড়ির দাম ৬৫০ টাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত। পোশাকসহ অন্যান্য প্রতিটি পণ্যের দাম নির্ভর করছে গুনগত মান, ফ্যাশন ও ডিজাইনের উপর। অনেকে দাম চড়া মনে করার পরও ক্রেতার কিন্তু কমতি নেই। বিক্রয় কর্মীদেরও বিকিকিনির ব্যস্ততায় কোন ফুসরত নেই। তাদের অভিমত, ঈদ ঘনিয়ে আসার সাথে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে তিল ধারনের ঠাঁই থাকে না।আড়ংয়ের দায়িত্বশীলদের সাথে আলাপ করলে তারা বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লায় আড়ংয়ের মোট ১২টি আউটলেট রয়েছে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করার পড় বর্তমানে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। এটি দেশ ও জাতির গৌরব। দেশবাসীর ভালবাসায় আড়ং আরো অনেক দূর এগিয়ে যেতে যাবে। দাম প্রসঙ্গে তারা বলেন, সব কিছুর দাম এখন বেশি। কারিগর, কর্মচারী আর বিক্রয় কর্মীদেরও উপযুক্ত সম্মানি এবং গুনগত মান, ডিজাইনসহ সব কিছু সমন্বয় করে আড়ংয়ের পণ্যের দাম নির্ধারণ করা হয়। তারপরও আড়ংয়ের পণ্যের দাম এখনো পূর্বের দামের সাথে তেমন ব্যাবধান নেই বলে দায়িত্বশীলরা জানান।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড