চট্টগ্রাম, বুধবার,২২ মে ১৩ । ৮ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ১১ রজব ১৪৩৪ হিজরি। Wednesday,22 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বুধবার, ০১ অগাষ্ট ২০১২

আসামিপক্ষের জেরার জবাবে সার্জেন্ট হেলাল
আগে ভিডিও দেখে লিয়াকতকে জেলে শনাক্ত করতে যাই নি

মোস্তফা মোহাম্মদ এমরান, আদালত প্রতিবেদক : অস্ত্র আটক ও চোরাচালান মামলার সাক্ষী সার্জেন্ট হেলালকে জেরা করলেন আসামি পক্ষের আইনজীবীরা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল ও মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান-এর আদালতে ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলার আসামি এনএসআই’র সাবেক উপ-পরিচালক মেজর অব. লিয়াকত হোসেনের আইনজীবী। জেরাতে তাঁকে বলা হয়, আপনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসামি লিয়াকতকে শনাক্ত করতে যাওয়ার আগে আপনাকে মামলার তদন্তকারী কর্মকর্তা ভিডিওতে লিয়াকতের ছবি দেখিয়েছেন। ভিডিও এবং স্থির চিত্রে তাঁর ছবি দেখার পর তাঁকে শনাক্ত করতে যান এবং ওই ভিডিও দেখার পর আপনি তদন্তকারী কর্মকর্তার যোগসাজশে লিয়াকতকে শনাক্ত করেন। উত্তরে সার্জেন্ট হেলাল উপরিউক্ত বক্তব্য সত্য নয় বলে উল্লেখ করেন। আরেক প্রশ্নের উত্তরে সার্জেন্ট হেলাল বলেন, এটা সত্য নয় যে, আসামি লিয়াকত ও আবুল হোসেন পরিচয়দানকারী ব্যক্তি এক ব্যক্তি নয়। অস্ত্র আটকের ঘটনাস্থলে লিয়াকত হোসেন নিজেকে উলফা লিডার আবুল হোসেন পরিচয় দিয়েছিলেন। আদালত মামলার পরবর্তী শুনানি তারিখ ২৭, ২৮ ও ২৯ আগস্ট ধার্য করেন। সার্জেন্ট হেলাল গত রোববার ও সোমবার আদালতে সাক্ষ্য দেয়ার পর গতকাল তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন। গতকাল আংশিক জেরা সম্পন্ন হয়।
প্রসঙ্গত: চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া চোরাচালান মামলায় বিএনপি জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ সম্পূরক চার্জশিটভুক্ত ১১ আসামির বিরুদ্ধে গত বছর ১৫ নভেম্বর বিকেলে অভিযোগ গঠন করা হয়। দুটি মামলার পলাতক আসামি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিনের অনুপস্থিতিতে চার্জ গঠিত হয় ওই দিন। আদালতে সম্পূরক চার্জশিটভুক্ত গ্রেপ্তার  ৮ আসামি যথাক্রমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, এনএসআই’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব:) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আব্দুর রহিম, উপ-পরিচালক মেজর (অব:) লিয়াকত হোসেন, এনএসআই’র সাবেক উইং কমান্ডার সাহাবুদ্দীন, মাঠ কর্মকর্তা মো. আকবর হোসেন, ও এমডি মোহসীন তালুকদারকে হাজির করা হয়। এছাড়া চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক মহা-ব্যবস্থাপক এনামুল হক অসুস্থ থাকায় তাঁকে গতকাল আদালতে হাজির করা হয়নি। ২০০৪ সালের ১ এপ্রিল দিন গত রাতে নগরীর সিইউএফএল জেটিঘাটে স্মরণকালের বৃহত্তর অস্ত্রের চালান ধরা পড়ে। এ-ঘটনায় অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করেন তৎকালীন কর্ণফুলী থানার ওসি। মামলার তদন্তকারী কর্মকর্তা অস্ত্র আটক ও চোরাচালান আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে অস্ত্র মামলায় ৪৪ জনকে এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করে ২০০৪ সালের ১১ জুন  চার্জশিট দাখিল করেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি আদালত মামলা দুটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। দুটি মামলার তদন্ত শেষে তদন্তকারী সংস্থা সিআইডি গত ২৬ জুন আদালতে আরো ১১ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করলে অস্ত্র মামলায় ৫০ ও চোরাচালান মামলার আসামি ৫২ জনে উন্নীত হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত পিপি মো. নাজিম উদ্দিন, আসামি পক্ষে এডভোকেট মাহমুদুর রহমান, এনামুল হক, কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, ফজলুল করিম ভুইয়াসহ বহু আইনজীবী।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড