অলিম্পিক সাঁতারে নতুন বিস্ময় ইয়ানিক
এগিয়ে রইল চীন : হিজাব পরেই জুডোতে সৌদি নারী

বিভাস দত্ত : অলিম্পিকে পদক দখলের লড়াইয়ে চতুর্থ দিনেও এগিয়ে আছে চীন। সর্বশেষ ১৯টি পদক নিয়ে তালিকায় সবার আগে রয়েছে এশিয়ার দেশটি। ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৯টি পদক জিতেছে চীন। পদক তালিকায় নাম উঠলে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বর্ণ অধরাই ছিলো স্বাগতিক বৃটেনের। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যথারীতি পরাশক্তি যুক্তরাষ্ট্র। ৭টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ ১৯টি পদক জিতেছে তারা। ৯টি পদক নিয়ে তৃতীয় স্থানে ফ্রান্স। ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতেছে তারা। ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ৭টি পদক নিয়ে চতুর্থ স্থানে উত্তর কোরিয়া। এর পরেই ৩টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে দক্ষিণ কোরিয়া এবং ৩টি স্বর্ণ নিয়ে ৬ষ্ঠ স্থানে কাজাখাস্থান।
এছাড়া ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ৬টি পদক নিয়ে পরের স্থানে ইতালি। জার্মানি ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ, রাশিয়া ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ, অস্ট্রেলিয়া ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ, জাপান ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ, রোমানিয়া ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য, ব্রাজিল ও হ্যাঙ্গেরি ১টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ, নেদারল্যান্ডস ১টি স্বর্ণ ও সমানসংখ্যক রৌপ্য, ইউক্রেন ১টি ও ২টি ব্রোঞ্জ এবং ১টি করে স্বর্ণ পদক জিতেছে স্লোভেনিয়া, জর্জিয়া, লিথুনিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত স্বর্ণ পদক না জিতলেও পদক তালিকায় নাম উঠেছে আয়োজক গ্রেট বৃটেনের। তারা ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতছে। এছাড়া পদক জিতেছে কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, ডেনমার্ক, সুইডেন, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, পোলান্ড, কানাডা, স্লোভাকিয়া, নরওয়ে, নিউজিল্যান্ড, মঙ্গোলিয়া, মালদোভা, কাতার, আজারবাইজান, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, ভারত, সার্বিয়া ও উজবেকিস্তান।
ফ্রান্সের সাঁতারু ইয়ানিকের চমক: সাঁতারে ব্যক্তিগত পদক তালিকায় যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপস এবং রায়ান লোক্টির ওপর দৃষ্টি ছিলো সবার। কিন্তু ওই দু’জনকে ছাপিয়ে এখন অলিম্পিক সাঁতারের নায়ক ফ্রান্সের ২০ বছরের তরুণ অ্যানেল ইয়ানিক। অলিম্পিকের আগে যাকে সেভাবে কেউ চিনতো না। তাঁর কারণেই ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে যুক্তরাষ্ট্রকে হতাশ করে ফ্রান্স জিতেছে সোনার পদক। তাঁর দলের প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের সাঁতারুদের পেছনে ছিলো। শেষ রাউন্ডে তিনিও ৯০ মিটার পর্যন্ত রায়ান লোক্টির পেছনে। শেষ ১০ মিটারে এমন ঝড় তুললেন রায়ানের আগে গিয়ে টাচ লাইনে হাত ছোঁয়ালেন। ফরাসি তরুণ সোমবার রাতে আরেকটি ঘটনা ঘটিয়েছেন। ২০০ মিটার ব্যক্তিগত ফ্রিস্টাইলে জিতলেন সোনার পদক। এই ইভেন্টে রায়ান লোক্টিও ছিলেন। কিন্তু তিনি হয়েছেন চতুর্থ। একেবারে প্রথম থেকে শেষপর্যন্ত দাপটের সঙ্গে সাঁতরেছেন ইয়ানিক। ১ মিনিটি ৪৩.১৪ সেকেন্ট সময় নিয়েছেন তিনি। বেইজিংয়ে রৌপ্য জয়ী পার্ক তে হুয়ান এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ জয়ী সান ইয়াং একই সময়ে শেষ করায় যৌথভাবে দ্বিতীয় হয়েছেন।যুক্তরাষ্ট্রের গ্রেভারস ম্যাথু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণ। তার লেগেছে ৫২.১৬ সেকেন্ড। তার স্বদেশি থামাস নিকি রৌপ্য এবং জাপানের আইরি রসুকে ব্রোঞ্জ পদক পান। নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাজিতাম করেছেন অখ্যাত এক সাঁতারু। লিথুয়েনিয়ার ১৫ বছর বয়সী মিলোটটি রুতা ১ মিনিট ০৫.৪৭ সেকেন্ট সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সনি রেবেকা এবং তৃতীয় জাপানের সুজুকি সাতোমি। ১০০ মিটার ব্যাকস্ট্রোক নারী ইভেন্টেও অসম্ভব লড়াই করে স্বর্ণ পদক জিতেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মিসি ফ্র্যাঙ্কলিন। ৫৮.৩৩ সেকেন্ড লেগেছে তার। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার সিবুম এমিলি। তৃতীয় জাপানের তেরেকাওয়া আইরা।জুডো প্রতিযোগিতায় নামবেন সৌদি নারী : হিজাব বিতর্কের অবসান ঘটায় অলিম্পিকে প্রতিযোগিতায় নামছেন সৌদি নারী জুডোকা ওজদান শাহেরকানি। আন্তর্জাতিক জুডো ফেডারেশন জানিয়েছিলো ১৬ বছরের শাহেরকানিকে নিরাপত্তার কারণে হেডস্কার্ফ ছাড়াই অংশ নিতে হবে। প্রতিবাদে অলিম্পিক থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলো সৌদি আরব। তবে উভয় পক্ষই সুর নরম করায় ১৬ বছরের ওই নারী জুডোকা প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন মুখপাত্র জানান, ‘জুডো ফেডারেশন ওই প্রতিযোগীকে এমন কিছু (হিজাব হিসেবে) ব্যবহার করতে দেবে যেটা তার নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না। যেটা তারা এশিয়ান প্রতিযোগিতাগুলোকে ব্যবহার করতে পারবে।’ অলিম্পিকের আগে একজন সৌদি কর্মকর্তা জানিয়েছিলেন দেশটির দুই প্রতিযোগী জুডোকা শাহেরকানি ও ৮০০ মিটার দৌড়বিদ সারাহ আত্তারকে অবশ্যই ইসলামি পোশাক কোড মেনে চলতে হবে। কিন্তু জুডো কর্মকর্তারা দাবি করেন প্রতিদ্বন্দ্বীকে চেপে ধরা ও ছুঁড়ে ফেলে দেওয়ার এই প্রতিযোগিতায় হেডস্কার্ফের কারণে শ্বাসরোধ হতে পারে। শুক্রবার ৭৮ কেজি ওজন শ্রেণীতে শাহেরকানি মুখোমুখি হবেন র্যাঙ্কিংয়ের ১৩তম জুডোকা পুয়োর্তো রিকোর মেলিসা মজিকার।
স্কিট শ্যুটিংয়ে শিরোপা ধরে রাখলেন হানকক : অলিম্পিকে পুরুষ স্কিট শ্যুটিংয়ের শিরোপা ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সৈনিক ভিসেন্ট হানকক। নতুন রেকর্ড গড়ে লন্ডনে প্রতিযোগিতার স্বর্ণ জিতেছেন তিনি। রয়্যাল আর্টেলারি ব্যারাকে ইভেন্টের ফাইনালে টার্গেট ২৫ শটের মধ্যে সব কয়টিতে আঘাত করেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী হানকক। ১৪৮/১৫০ স্কোর করে পদক নিশ্চিত করেন ২৫ বছর বয়সী এই মার্কিন সৈনিক। বাছাই পর্বে মাত্র দুটি টার্গেট মিস করায় স্বর্ণ জেতার দৌড়ে আগেই এগিয়ে যান হানকক। যদিও চূড়ান্ত পর্বে তার প্রতিদ্বন্দ্বী গোল্ডিং হারিয়েছে শুধু একটি পয়েন্ট। তারপরও কিছুটা নার্ভাস ছিলেন তিনি। তবে হানককের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছেন ডেনমার্কের অ্যান্ডার্স গোল্ডিং। শেষপর্যন্ত পেরে উঠেননি। হানককের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে রৌপ্য জেতেন তিনি। আর শ্যুট অফে রাশিয়ার ভালেরি শোমিনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন কাতারের নাসের আল আত্তিয়াহ।
| < Prev | Next > |
|---|



