শুক্রবার, ২৭ জুলাই ২০১২
চাঁদাবাজি করতে গেলে কোরবানিগঞ্জে র্যাব
সোর্সকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতোয়ালী থানাধীন কোরবানিগঞ্জ এলাকায় চাঁদাবাজি করার সময় র্যাবের এক সোর্সকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ধৃত চাঁদাবাজের নাম মহিউদ্দিন (২৬)। তিনি নোয়াখালীর হাতিয়া থানাধীন চরলক্ষ্যা গ্রামের মোহাম্মদ মানিকের পুত্র। জানা যায়, কোরবানিগঞ্জ সাবানঘাটা এলাকার মাহিন টেলিকম নামের এক দোকান মালিকের কাছে কয়েক দিন ধরে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল র্যাবের সোর্স মহিউদ্দিন।
টাকা না দিলে র্যাব দিয়ে গ্রেপ্তার করানো হবে বলে দোকান মালিক সবুরকে শাসানো হয়। গতকাল বিকাল সাড়ে ৩ টার সময় র্যাবের দুই সদস্যকে নিয়ে তিনি মাহিন টেলিকমে আসেন। র্যাবকে বুঝানো হয় যে, ওই দোকানে ইয়াবা টেবলেট বিক্রি হয়। বিক্রিকালে ইয়াবা টেবলেট আটকের জন্য র্যাবের দুই সদস্য ওই দোকান থেকে কিছু দূরে ওঁৎ পেতে থাকেন। এসময় মহিউদ্দিন দোকানদার সবুরকে দূরে দাঁড়িয়ে থাকা র্যাব সদস্যদের দেখিয়ে ভয় দেখান। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে র্যাবের ওই সোর্সকে ধরে গণধোলাই দেয়। তখন র্যাবের সদস্যরা প্রকৃত ঘটনা বুঝতে পেরে তাকে পুলিশে সোপর্দ করে।| < Prev | Next > |
|---|



