বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১২
নগরীতে ‘মিডিয়া সংলাপ’-এ তথ্য প্রকাশ
বর্তমানে রবি’র গ্রাহক
সংখ্যা ১ কোটি ৮২ লাখ

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম টেলিফোন অপারেটর কোম্পানি রবি ২০০০ থেকে পরবর্তী ১২ বছরে বিনিয়োগ করেছে ১০ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে রবি’র গ্রাহক সংখ্যা ১ কোটি ৮২ লাখ। দেশের মোট মোবাইল গ্রাহকের ২০ দশমিক ১ শতাংশই রবি’র। দেশের অন্য মোবাইল অপারেটরের তুলনায় রবি’র অবস্থান তৃতীয়।গতকাল বুধবার দুপুরে নগরীর হোটেল আগ্রাবাদে ‘মিডিয়া সংলাপ’-এ এসব তথ্য তুলে ধরা হয়।
রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (রবি কমিউনিকেশন) মাহমুদুর রহমান অনুষ্ঠানে বলেন, সারাদেশে রবি’র সেবার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভারে ৩ লাখ লোক নির্ভরশীল। প্রায় ৪০ লাখ গ্রাহক রবি’র ইন্টারনেট সেবা ব্যবহার করেন। ৮হাজার ৩৭৯টি সার্ভার স্টেশনের মধ্যে চট্টগ্রামেই আছে এক হাজার স্টেশন। মাহমুদুর রহমান বলেন, রবির প্রতিটি সিমের ওপর ৬০৫ টাকা ট্যাক্সসহ আনুষঙ্গিক খরচ পড়ে এক হাজার ২০০ টাকা। কিন্তু এ শিল্পের প্রসারে একজন গ্রাহকের কাছে নামমাত্র মূল্যে এসব সিম পৌঁছে দেওয়া হয়।তিনি বলেন, রবি বছরে দেড়শ’ কোটি টাকা তরঙ্গ চার্জ এবং পাঁচ কোটি টাকা অনুমতিপত্র (লাইসেন্স) ফি দিয়ে আসছে।মাহমুদুর রহমান জানান, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এম (মোবাইল) এডুকেশন, এম ব্যাংকিং, এম গভর্নেন্স, এম কমার্স, জব এলার্ট সার্ভিস, প্রাকৃতিক দুর্যোগে সতর্কবার্তা পৌঁছে দেওয়া, সাতটি বিভাগীয় গ্রন্থাগারে রবি ইন্টারনেট কর্নার চালু করাসহ নানামুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।ভাইস প্রেসিডেন্ট (রবি টেকনিক্যাল) অনামিকা ভট্ট রবি’র বিভিন্ন কারিগরি দিক স্লাইড প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন।সংলাপ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (সিএসআর) মহিউদ্দিন বাবর ও ব্যবস্থাপক (জনসংযোগ) মোবাশ্বের আজমী।