বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন মেয়র মনজুর আলম
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মনজুর আলম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হয়েছেন। গতকাল বুধবার বিএনপি চেয়ারপার্সন গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আলহাজ মনজুর আলমকে এ পদে মনোনীত করেছেন। দলের যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত করায় মেয়র এম মনজুর আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সার্বিক সহযোগিতায় তিনি মেয়র পদের এবং দল কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করে যেতে সক্ষম হবেন। মেয়র আরো আশা প্রকাশ করেন যে, নগরবাসীর আশা আকাঙ্খা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবে। মেয়র চট্টগ্রামবাসী, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমকে গতকাল বৃহস্পতিবার তার মোস্তফা হাকিম বাসভবনে চট্টগ্রাম মহানগরীর এবং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা বিএনপির রাজনীতিতে মেয়রের গতিশীল নেতৃত্ব ও সাফল্য কামনা করেন।এদিকে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত হওয়ায় সিটি মেয়র এম মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলার সভাপতি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী এমপি, উত্তরজেলার সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক এমপি রোজি কবির, নগর বিএনপির সহ-সভাপতি আলহাজ সামশুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তরজেলা সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবে রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।