চট্টগ্রাম, রবিবার,১৯ মে ১৩ । ৫ জ্যৈষ্ঠ  ১৪২০ বঙ্গাব্দ । ০৮ রজব ১৪৩৪ হিজরি। Sunday,19 May 13

 

Banner
Banner
Banner

বিজ্ঞাপন  

Banner

Bangla Font  

কাগজে যেমন ওয়েবেও  

Banner

বিজ্ঞাপন  

Banner

অনলাইন জরিপ  

বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২

পবিত্র শবে বরাত আজ

রায়হান আজাদ : আজ পবিত্র শবে বরাত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর ভক্তি-শ্রদ্ধা সহকারে  মুসলিম সম্প্রদায় এ রাতকে উদযাপন করে থাকে। শব আরবী শব্দ, এর অর্থ রাত। আর বরাত মানে ভাগ্য, অদৃষ্ট। সুতরাং শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী। কোন কোন ইসলামী চিন্তাবিদ এর নাম ‘লাইলাতুল বারাআহ’ বা ‘নিষ্কৃতির রাত’-গুনাহ থেকে ‘মুক্তির রাত’ বলে থাকেন।

হাদীসের পরিভাষায় এ রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শা‘বান বা শা‘বান মাসের মধ্যরাত্রি হিসেবে অভিহিত করা হয়েছে। এ রাতের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে  নবী আকরাম সালালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বহু হাদীস রেওয়ায়েত হয়েছে। তবে সবচেয়ে বিশুদ্ধ যে হাদীসটি পাওয়া যায় তা হচ্ছে, ‘‘হযরত আবু মুসা রা: নবী করিম সালালাহু আলাইহি ওয়া সালাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ‘আল্লাহ তা’য়ালা শা’বান মাসের মধ্য রাতে এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন এবং মুশরিক ও হিংসুক ব্যতিরেকে সবাইকে ক্ষমা করে দেন’। (মুসনাদ) ছহী হাদীস গ্রন্থ ইবনে মাজার অন্য একটি রেওয়ায়েতে এ রাত্রে আল্লাহ পাক হত্যাকারী ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন বলে উল্লেখ করা হয়েছে। শিরক একটি মারাত্মক অপরাধ। তেমনিভাবে হিংসা-বিদ্বেষ-জিঘাংসা সমাজ জীবনকে কলুষিত করে তোলে। এ অপরাধগুলো আল্লাহর কাছে এত জঘন্য ও অমার্জনীয় যে, তিনি এমন পূণ্যময় রাতেও এ পাপের বোঝা বহনকারীকে ক্ষমা করছেন না। তাই আল্লাহর রহমত পেতে হলে যথাশীঘ্র এসব পাপ থেকে তাওবা করে ঈমানের পথে ফিরে  আসতে হবে। শা’বান মাস রমজান মাসের পূর্ববতী ও সবচেয়ে নিকটতম মাস হিসেবে অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ। রাসুলে আকরাম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসে প্রায়ই রোজা রাখতেন। হযরত আবু হরাইরা রা: হতে বর্ণিত। তিনি বলেন, হযরত সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম রজব  ও শা’বান মাস এলে দোয়া করতেন এভাবে ‘আলাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শা’বানা ওয়া বালিগ্না রামাদানা’ অর্থ্যাৎ হে প্রভূ! রজব ও শা’বান মাসে আমাদের জন্য বরকত নাজিল করুন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। অন্যান্য মাসের তুলনায়  শা’বান মাসের রোজা রাসূলে আকরাম সা: এর কাছে বেশী প্রিয় ছিল। নবী করীম সা. তার খুৎবায় বলতেন, ‘রমজানে সুষ্ঠুভাবে রোজা রাখার মানসে তোমরা শা’বান মাস রোজায় অভ্যস্ত হয়ে শরীরকে পাক-পবিত্র করে নাও। যে ব্যক্তি এ মাসে তিনটি রোজা রাখবেন তার গুনাহ মাফ করা হবে’। (আবু দাউদ শরীফ) আজকাল শবে বরাতকে কেন্দ্র করে জায়েজ নাজায়েজ নানা আয়োজন দেখা যায়, তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেকে এ রাতে নানা খেল-তামাশা,আতশবাজি ও দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। কবর বা মসজিদে আলোকসজ্জা এবং বিশেষ হালুয়া-পায়েশ পাকানো ইসলাম সমর্থন করে না। এ রাতে প্রত্যেক মুসলমানদের আল্লাহ তা’য়ালার কাছে তাওবা, ইসতেগফার ও দোয়া বেশী বেশী করা উচিত। তাছাড়া অন্যান্য রাতের ধারাবাহিকতায় তাসবীহ, তিলাওয়াতে কুরআন, সালাতুত তাহাজ্জুদ ও দান-খয়রাত করে মুমিন এ রাতে আল্লাহ পাকের আরো বেশী নৈকট্য অর্জনে সক্রিয় হতে পারে। মনে রাখতে হবে, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞানার্জন করে তাকওয়া ও ইখলাস গুণে গুণান্বিত হতে না পারলে আমাদের  জন্য কোন রাতই বরকতময় হবে না। তাই শিরকমুক্ত ঈমান ও রিয়া বা লৌকিকতা বর্জিত আমলী জিন্দেগী গড়তে আমাদের সবাইকে যত্নশীল হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। বিভিন্ন কর্মসূচিচট্টগ্রাম সিটি কর্পোরেশন : আজ পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলিরা মাজার জিয়ারতসহ বিশেষ ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। মুসলিরা যাতে নিবিঘ্নে ইবাদত বন্দেগী ও মাজার জিয়ারত করতে পারেন সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত বছরের ন্যায় এবারও পবিত্র শবে বরাত উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ মসজিদ, মাদ্রাসা, মাজারসমূহে মশার ঔষধ  ‘ভিকন’ ছিটানোর বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আজ ৯টি গ্রুপে শতাধিক স্প্রেম্যান মশার ঔষধ ছিটানোর এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সংশিষ্ট সকলকে এই ব্যাপারে সহযোগিতার জন্য সিটি মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম অনুরোধ জানিয়েছেন। মাইজভান্ডার শরীফ : মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মন্জিলে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচির মধ্যে রয়েছে আজ সারা দিনব্যাপী খতমে কুরআন, জিকির-আযকার ও রাতে মিলাদ মাহফিল। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করবেন মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআঃ)।আমানত খান দরগাহ মসজিদ : শবে বরাত উপলক্ষে হযরত আমানত খান দরগাহ মসজিদে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রাতব্যাপী খতমে কুরআন, জিকির-আযকার ও মিলাদ মাহফিল ইত্যাদি।আঞ্জুমানে আশেকানে মদীনা : আঞ্জুমানে আশেকানে মদীনার উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে সারারাতব্যাপী যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত মাহফিল চকবাজারস্থ জয়নগর ২নং লেনে শাহ মঞ্জিলে বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। মুনাজাত পরিচালনা করবেন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মওলানা শাহ মুহাম্মদ আবদুল হালিম আল মাদানী।কাগতিয়া দরবার শরীফ : আজ বৃহস্পতিবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে সারারাত ব্যাপী ৫৯তম পবিত্র শবে বরাত মহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে যোহর পবিত্র খতমে কোরআন ও পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা, বাদে আছর-তক্বিতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন এর মাধ্যমে নূরে কোরআন বিতরণ, বাদে মাগরিব তাওয়াজ্জুহ এর মাধ্যমে রাসূলে পাক (দঃ) এর বাতেনী নূর বিতরণ, দেশবরেণ্য ওলামায়ে কেরামের তকরির, তাবাররম্নক বিতরণ। বাদে এশা  কাগতিয়ার পীরের তকরির, মিলাদ, কিয়াম এবং আখেরি মোনাজাত। খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়া : বলুয়ার দিঘি পাড়স্থ খানকাহ শরীফে আজ রাতে শবে বরাতের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে রাত ৯টায় এশার নামাজ, বাদে এশা পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে নাসুল (সা:), খতমে গাউছিয়া, জিকির আজকার ও আলোচনা সভা। এতে তকরির করবেন আলামা ওবাইদুল হক নঈমী। এছাড়া রাতব্যাপী চলমান কর্মসূচির মধ্যে রোজা পালনে ইচ্ছুকদের রাত ৩টায় সেহেরীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।আহ্লা দরবার শরীফ : বোয়ালখালীর আহ্লা দরবার শরীফ প্রাঙ্গণে রাতে ওয়াজ ও জিকির মজলিশ অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম তকরির করবেন।তৈয়্যবীয়া কমপেক্স : বোয়ালখালী সৈয়দপুরস্থ তৈয়্যবিয়া কমপেক্সে রাত ১০টা থেকে নফল এবাদত শুরু হবে। এছাড়া রোজা পালনকারীদের জন্য সেহেরীর বিশেষ ব্যবস্থা থাকবে।

© 2013 - The Purbokone Limited
সম্পাদক: স্হপতি তসলিমউদ্দিন চৌধুরী
দি পূর্বকোণ লিমিটেড এর পক্ষে পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রকাশিত ও নিউজ মিডিয়া সার্ভিসেস,
৯৭১/এ, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম হতে মুদ্রিত। ফোনঃ পিএবিএক্স ০৩১-৬৫০৯০৯, ০৩১-৬৫১৯৬৮, ০৩১-৬৫১৯০৬ ফ্যাক্সঃ ০৩১-৬৫৪০১১
ঢাকা কার্যালয়ঃ ১/এ, পুরানা পল্টন লেইন, ঢাকা, বাংলাদেশ। ফোনঃ ০২-৯৩৩২৬৫৭, ০২৮৩৫৯৩৮২
অনলাইন সংস্করনের দায়িত্বে নিয়োজিতঃ সাউথ বে আইটি সলিউশন লিমিটেড