বৃহস্পতিবার, ৩১ মে ২০১২
বহদ্দারহাট থেকে অজ্ঞান করে নেয়া হয়েছিল তাকে
সাত দিন পর সন্ধান নিখোঁজ চুয়েট শিক্ষার্থী আরাফাতের
জাহেদুল আলম, রাউজান : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের নিখোঁজ শিক্ষার্থী আরাফাত রহমানের (বায়েজিদ) সন্ধান পাওয়া গেছে। সাত দিন পর গতকাল বুধবার সকালে তার সন্ধান পাওয়া যায়। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আরাফাতের সন্ধান পাওয়া গেছে। আরাফাত এখন ঢাকার কল্যাণপুরস্থ বাসায় তাঁর পরিবারের সদস্যদের কাছে আছেন।
এ বিষয়ে তদন্ত চলছে। এর বেশি এখন জানানো যাবে না।’ আরাফাত রহমান মুঠোফোনে বলেন, ‘২৩মে রাত আটটার দিকে চট্টগ্রামের বহদ্দার হাট এলাকা থেকে তাঁকে চার-পাঁচ জন লোক ধরে নিয়ে যায়। ছিনতাইকারীরা টাকা, মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নেয় এবং আরো টাকা দাবি করে। টাকা না দিতে পারায় আমাকে প্রথমে চড়-থাপ্পর দেয় এবং পরে অজ্ঞান করে প্রথমে সিলেট, এরপর পঞ্চগড় নিয়ে যাওয়া হয়। অবশেষে গত মঙ্গলবার ভোর রাতে আমাকে রাস্তার পাশে ছেড়ে দেয়। আমি পঞ্চগড়ের স্থানীয় লোকদের সহযোগিতায় গতকাল ঢাকার কল্যাণপুরস্থ বাসায় পৌঁছাই। আমি বর্তমানে সুস্থ আছি।’প্রসঙ্গত, ২৩ মে বিকেলে আরাফাত রহমান চট্টগ্রাম শহরের বহদ্দার হাটে অবস্থিত প্রাণ আউটসোর্সিংয়ে (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। এপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।| < Prev | Next > |
|---|



